ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাবিয়া চৌধুকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৭ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাভোগ করতে হবে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী আলা উদ্দিন ২০২১ সালের ১৫ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করে। কিন্তু যথাসময়ে পণ্য না আসায় তিনি টাকা ফেরত চান।
আসামিরা ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক প্রদান করে। আসামির অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে ২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাবিয়া চৌধুরীকে আসামি করে আদালতে প্রতারণার এ মামলাটি করে। গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জগঠন করে আদালত। মামলার বিচার চলাচলে ২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
