বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেখানে নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে তার জন্ম।
তার বাবা ছিলেন মরহুম মুহিত চৌধুরী। পেশাগতভাবে মেহরিন ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কো-অর্ডিনেটর। সম্প্রতি গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজে উন্নয়নমূলক কাজের স্বপ্ন নিয়ে তিনি সেখানে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হন বলে জানান তার স্বামী মনসুর হেলাল। স্ত্রীকে হারিয়ে তিনি শোকাহত। জানিয়েছেন, আজ মঙ্গলবার বাদ জোহর দুপুর আড়াইটায় মেহরিনের দাফন সম্পন্ন হবে তার বাবা-মায়ের কবরের পাশে।
ঘটনার দিন গতকাল সোমবার দুপুরে প্রতিদিনের মতো শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন মেহরিন। হঠাৎ করেই প্রশিক্ষণ বিমানটি ভবনে আছড়ে পড়ে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দগ্ধ শরীর নিয়েও তিনি শিক্ষার্থীদের নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালিয়ে যান। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, শিক্ষার্থী অর্পিতা বিনতে জামানসহ অনেকেই তার সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরে আবেগঘন পোস্ট দেন। মেহরিনের নিজের জেলাবাসী তাকে অভিহিত করেছেন ‘গর্ব’ হিসেবে।
মাইলস্টোন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের বের করে দেন মেহরিন। একজন সেনা সদস্যের ভাষ্য, ‘তিনি বাচ্চাদের বের করে দিয়ে নিজে আর বের হতে পারেননি।’ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছোয়ার পরিবারও নিশ্চিত যে, শিক্ষিকার উপস্থিতবুদ্ধিই তাকে রক্ষা করেছে। উদ্ধারের সময় তাকে বলা শোনা যায়, ‘দৌঁড়াও, ভয় পেও না। আমি আছি।’
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মেহরিন চৌধুরীর সাহসিকতায় অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ বেঁচে গেছে। মানবতা, দায়িত্ববোধ ও অসীম সাহসিকতার এক অনন্য নজির হয়ে থাকবেন তিনি। এই আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরদিন অম্লান থাকবে।
৬ দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ
অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাজ্যসহ ২৮ দেশের