‘মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে’

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০১:৫৮ পিএম

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় গঠিত ৬ দফা দাবির সবগুলোই সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠক শেষে সাংবাদিকদের আইন উপদেষ্টা বলেন, ‘মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। সেখানে হতাহতদের তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করা হচ্ছে। নিখোঁজ কেউ থাকলে তার তথ্যও রাখা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ব্যবস্থাপনার সহায়তা দেওয়া হবে।’

আন্দোলনের সময় সেনাসদস্যদের হাতে শিক্ষার্থীদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন আসিফ নজরুল। বলেন, ‘সেনা কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হবে।’

এছাড়া জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, বিমান বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘যেসব শিক্ষার্থীর ২৪ জুলাই এইচএসসি পরীক্ষা ছিল, তা নির্ধারিত পরীক্ষাগুলো শেষে নতুন তারিখে নেওয়া হবে। কেউ যাতে শিক্ষাজীবনে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত