হাতিয়ায় মেঘনা নদী থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করেছে হাতিশা কোস্টগার্ড।
মঙ্গলবার (২২ জুলাই) হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার সন্ধ্যয় উপজেলার চেয়ারম্যান ঘাটের নীলবয়া এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হাতিয়া কোস্টগার্ডের একদল সদস্য উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং ট্রলার থেকে ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক ও দুটি ফিশিং বোট জব্দ করা হয়।
কোস্টগার্ডের আভিযানিক দলটি অপর একটি ফিশিং ট্রলারকে ধাওয়া করলে ঐ ট্রলারের জেলেরা আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালালে কোস্টগার্ডের এক জন সদস্য ও এক জন মাঝি আহত হন। কোস্টগার্ডের ধওয়া খেয়ে ট্রলারটি পালিয়ে যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। আটককৃত জেলেদের থানায় সোপর্দ করা হয়েছে।
হাাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আজমল হুদা জানান এ ঘটনায় কোস্টগার্ড হাতিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
