এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা আয়োজন নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে চলছে টানাপোড়েন। রাজনৈতিক কারণে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সভায় অংশগ্রহণ করবে না ভারত। সেইসঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমানও এই সভায় আসতে নারাজ। তবে এখন পর্যন্ত ঢাকাতেই সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এসিসি। এই পরিস্থিতিতে এশিয়া কাপ বয়কট করতে পারে একাধিক দেশ।
আগামী ২৪ এবং ২৫ জুলাই ঢাকার একটি হোটেলে এসিসির বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা। সেখানেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এসিসির সদস্য দেশের সংখ্যা ২৫, যার মধ্যে ১৬-১৭টি দেশ সভায় যোগ দিতে পারে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সভায় যোগ দেওয়ার জন্য বাংলাদেশে আসতে নারাজ বিসিসিআই কর্মকর্তারা। তারা পাকিস্তান ও বাংলাদেশ বাদে অন্য কোনো দেশে এই সভা আয়োজনের দাবি করেছে।
এসিসির পূর্ণ সদস্যদেশগুলি হলো- নেপাল, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, কুয়েত, সৌদি আরব, ওমান, এবং কাতার। আর বাহারাইন, ভুটান, কম্বোডিয়া, তাজিকিস্তান, মালদ্বীপ, জাপান, ইরান, চীন, মায়ানমার এবং ইন্দোনেশিয়া হলো সহযোগী সদস্য। ভারতীয় গণমাধ্যমের মতে, সদস্য এবং সহযোগী দেশগুলোর অধিকাংশ ক্রিকেট বোর্ডই তাকিয়ে আছে বিসিসিআইয়ের সিদ্ধান্তের দিকে।
এদিকে গতকাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘এসিসি পাঁচটা ফুল মেম্বার ও ২৫টি সহযোগী মেম্বার নিয়ে কাজ করে। এসিসির কাছ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল যে, আমরা এই এজিএমটা হোস্ট করতে চাই কিনা। আমরা হোস্ট হিসেবে এটি আয়োজন করছি এবং এসিসি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় না (কেউ বয়কট করবে)। ক্রিকেট সবার উপরে। এর আগে আমরা (এসিসির) এজিএম হোস্ট করিনি। চেষ্টা করব সবাই মিলে ভালো এজিএম করার।’
পূর্ব সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা এবং ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের পর ভেন্যু পরিবর্তন আবশ্যিক হয়ে যায়। নিরপেক্ষ কোনো দেশে টুর্নামেন্ট হলে তবেই ভারত এবং পাকিস্তান দুই দেশের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। এই পরিস্থিতিতে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দেশ এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে টুর্নামেন্ট আয়োজন অসম্ভব হয়ে পড়বে। এশিয়ার প্রথম সারির দল হিসেবে শুধু পাকিস্তান এবং বাংলাদেশই থাকবে!
অবিশ্বাস্য জয়ে টানা তৃতীয় ফাইনালে ইংল্যান্ড
ঋতুপর্ণার জোড়া গোলে হারলো মাসুরা-কৃষ্ণারা