জাপানের সঙ্গে বড় বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:৫০ এএম

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি ‘ঐতিহাসিক’ আকারের বাণিজ্য চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি। সম্ভবত জাপানের সঙ্গে আমাদের পারস্পরিক ইতিহাসে এটি সবচেয়ে বড় চুক্তি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ থাকবে। অন্যদিকে, জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলারের (৫৫ হাজার কোটি ডলার) বিনিয়োগ করবে।

নতুন এই বাণিজ্য চুক্তির ফলে জাপানি বাজারে যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল ও কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়বে বলে ট্রাম্প উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেছি। এটা সবার জন্যই একটি দারুণ চুক্তি।’

টোকিওর পক্ষে চুক্তি নিয়ে আলোচনায় ছিলেন মুখ্য আলোচক রয়োসেই আকাজাওয়া। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হোয়াইট হাউসে সফরের কথা নিশ্চিত করে লেখেন, ‘অভিযান সমাপ্ত।’

চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে বিবিসি ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে, যদিও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, চলতি মাসে জাপান সরকারকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প হুঁশিয়ার করেছিলেন, ১ আগস্টের মধ্যে চুক্তি চূড়ান্ত না হলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এ ছাড়া ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়েও ২৩ জুলাই ঘোষণা আসতে পারে এবং সামনে আরও বেশ কয়েকটি চুক্তি সামনে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত