মাইলস্টোন ট্রাজেডি

সিএমএইচে মিলল নিখোঁজ শিশু রাইসার মরদেহ

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:২৬ এএম

উত্তরার মাইলস্টোন দুর্ঘটনায় নিখোঁজ শিশু রাইসার মরদেহ পাওয়া গেছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা শাহাবুল শেখের মেয়ে রাইসা (১১) দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল। অবশেষে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

রাইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার সময় সে স্কুল ভবনের ভেতরেই ছিল বলে জানা গেছে। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খোঁজখুঁজি চালিয়েও কোনো সন্ধান মিলছিল না। ঘটনার পরদিন, অর্থাৎ গতকাল বিকেলে সিএমএইচে গিয়ে তার মরদেহের খোঁজ পান পরিবারের লোকজন।

মঙ্গলবার রাতে রাইসার চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিহত রাইসার মরদেহ শনাক্ত করেছেন তার বাবা শাহাবুল শেখ। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। পেটের ওপর থেকে মাথা পর্যন্ত বেশি পুড়েছে। তবে তার মুখমণ্ডল দেখে তার বাবা মেয়েকে শনাক্ত করেছেন।’

তিনি আরও জানান, ডিএনএ পরীক্ষার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করা হবে।

রাইসা ভাই-বোনের মধ্যে ছিল দ্বিতীয়। তার একটি বড় বোন ও ছোট একটি ভাই রয়েছে। মেয়ে রাইসার মরদেহ খুঁজে পাওয়ার পর পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত