পাকিস্তানি ব্যাটারদের রান দিয়ে ফোন নাম্বার বানালেন বাসিত আলী

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:২৩ পিএম

টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে পাকিস্তান। এরপরই দেশটির সাবেকরা ক্ষোভে ফেটে পড়েছেন। বিভিন্নভাবেই আগা সালমানদের সমালোচনায় মুখর হয়েছেন তারা, যাদের একজন বাসিত আলী। হাল আমলে ইউটিউবে নিয়মিত বিতর্কের জন্ম দিয়ে যাওয়া বাসিত আলী এবার পাকিস্তানি ব্যাটারদের রান দিয়ে একটা ফোন নাম্বার বানিয়েছেন!

মিরপুরে গতকাল মঙ্গলবার বাংলাদেশের ১৩৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেই মহাবিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১৫ রানের মধ্যে নেই ৫ উইকেট। শরীফুল ইসলাম, তানজিম সাকিবদের বোলিংয়ের সামনে তারা রীতিমতো অসহায় হয়ে পড়েছিল। দল। শেষদিকে ৩২ বলে ফাহিম আশরাফের ৫১ রানের ইনিংসে লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারে দলটি। কিন্তু ৮ রানের পরাজয় এড়াতে পারেনি।

ম্যাচটিতে পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারের রান ছিল যথাক্রমে ৮, ১, ০, ৯, ০, ০। এমন স্কোরবোর্ড দেখে ক্ষেপে গিয়ে বাসিত বলেছেন, ‘বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে। পাকিস্তান টস জিতলেও ম্যাচ জেতেনি। বাংলাদেশ ১৩৩ রান করেছে, দুইশ রান থেকে ৬৭ রান কম- তাও পাকিস্তান ম্যাচটি হেরেছে। আপনাদের একটি ফোন নাম্বার বলি। ৮১০৯০০- এটা আমার নাম্বার নয়। এটা পাকিস্তানের টপ অর্ডারের রান!’

গুগল সার্চে দেখা যায়, ৮১০৯০০ হলো চীনের হাইডং শহরের একটা পোস্টাল কোড। পাকিস্তানের সমালোনা করে বাসিত আরও বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানকে আয়না দেখিয়ে দিলো। লজ্জার ব্যাপার। বাবর আজম, রিজওয়ান এবং শাহীনকে ছাড়া পাকিস্তান দল বানানো সম্ভব নয়। বলতে লজ্জা লাগছে, টেস্টে যেভাবে দুই ইনিংস ব্যাটিং করতে হয়, পাকিস্তানের জন্য টি-টোয়েন্টি এবং ওয়ানডেতেও দুই ইনিংস ব্যাটিং চালু করা উচিত।’

নিজ দেশের সমালোচনা করলেও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। টাইগারদের পারফর্মেন্সে পাকিস্তান দলের আসল চেহারা বেরিয়ে এসেছে বলে তার মত, ‘বাংলাদেশ দূর্দান্ত খেলেছে। এই জয় তাদের প্রাপ্য। ১৩৩ রান যেভাবে তারা ডিফেন্ড করেছে, পুরো ক্রেডিট বাংলাদেশেরই। টপ ক্লাস। বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা। আপনারা ভালো ক্রিকেট খেলেছেন এবং আমাদের আয়না দেখিয়ে দিয়েছেন!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত