বিমান বাহিনী যেখানেই চেয়েছে ইসরায়েলের সেখানেই আঘাত করেছে: ইরানের স্পিকার

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বিভাগের ‘বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের’ প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার তেহরানে বাহিনীর শহীদ কমান্ডারদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কালিবাফ বলেন, ‘আপনারা যেখানেই চেয়েছেন, সেখানেই আঘাত করেছেন এবং দখলকৃত (ফিলিস্তিনি) ভূমির আকাশ ও মাটিকে তাদের (ইসরায়েলি শাসকগোষ্ঠীর) জন্য অনিরাপদ করে তুলেছেন।’

তিনি আরও বলেন, ‘গাজার ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের ক্ষেপণাস্ত্রের আগুন দেখেছে সেই এলাকার শিশুরা। তাদের মুখে সন্তুষ্টির হাসি ছিল। এইভাবেই আপনারা নিপীড়িতদের পক্ষ নিয়ে প্রতিরোধ করেছেন।’

কালিবাফ আরও বলেন, ‘আপনারা ছিলেন তলোয়ারধারী যোদ্ধা, যারা শত্রুর দুঃখের কারণ হয়ে উঠেছেন। এই যুদ্ধে আমরা দেখেছি কিভাবে আপনারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থানের পাশে দাঁড়িয়ে এই জাতিকে রক্ষা করেছেন। আমাদের যোদ্ধারা জীবন উৎসর্গ করে ইসরায়েলি এ-৩৫ যুদ্ধবিমানকে ব্যর্থ করে দিয়েছেন এবং এই নিষ্ঠুর শাসকের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন।’

তিনি আইআরজিসির মহাকাশ বাহিনীকে ইরানীয় পুরাণের বীর তীরন্দাজ ‘আরাশ’-এর সঙ্গে তুলনা করে বলেন, ‘আরাশ ছিলেন আমাদের জাতির আত্মার রক্ষক। আজ ইতিহাসের এই মুহূর্তে আমরা দেখলাম, আমাদের আইআরজিসির আরাশেরা বিশ্বাস ও জীবনের ধনুকে দূরপাল্লার তীর সংযুক্ত করে আকাশ ও শত্রুর দিকে তা ছুড়েছে। এই তীরগুলো দেশের পর দেশ অতিক্রম করে দখলকৃত ভূমিতে গিয়ে আঘাত হেনেছে এবং শত্রুদের ঘুম কেড়ে নিয়েছে। মুসলিম উম্মাহর জন্য এটি গর্বের বিষয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত