স্টোকসের পাঁচ উইকেটের পর শার্দুল-সিরাজকে বেদম পিটুনি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:১২ এএম

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন সকালের মূল আলোচ্য বিষয় ছিল ভাঙা পা নিয়ে রিশাভ পান্তের ব্যাটিংয়ে নামা। এরপরই সব আলো কেড়ে নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তার পাঁচ উইকেটে ৩৫৮ রানেই থামে ভারতের প্রথম ইনিংস। এরপর ভারতীয় বোলারদের ওপর ঝড় বইয়ে দেন ইংলিশ ব্যাটাররা।

৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ভারত। তাদের শেষ ৬ উইকেটের পতন হয়েছে ৯৬ রানে। ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন জোফরা আর্চার, স্টোকস ৭২ রানে নিয়েছেন ৫ উইকেট। ২০১৭ সালের পর এই প্রথম টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন স্টোকস। এতে গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ অল-রাউন্ডার হিসেবে তিনি টেস্টে ১০ সেঞ্চুরির সাথে পাঁচবার ৫ উইকেট নিলেন।

ভারতকে অল-আউট করে ‘বাজবল’ ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ভারতের দুই পেসার শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজের ওপর দিয়ে রীতিমতো বাজবলের ঝড় বইয়ে দিয়েছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। শার্দুল ৫ ওভারে দিয়েছেন ৩৫ রান, সিরাজ ১০ ওভারে ৫৮। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। তারা রান তুলেছে ওভারপ্রতি ৪.৮৯ করে।

ক্রলি আর ডাকেট দুজনেই সেঞ্চুরি পেতে পারতেন, কিন্তু বেশ কাছে গিয়েই তারা আউট হয়ে যান। ১১৩ বলে ১৩ চার ও ১ ছয়ে ৮৪ রান করে আউট হয়েছেন ক্রলি। আর ডাকেট আউট হওয়ার আগে করেছেন ১০০ বলে ১৩ বাউন্ডারিতে ৯৪ রান। সেঞ্চুরি না পেলেও ফর্মহীনতায় ভূগতে থাকা দুই ইংলিশ ওপেনারকে নিজ নিজ ইনিংস স্বস্তি এনে দেবে। ইংল্যান্ডের উইকেট দুটি নিয়েছেন অংশুল কম্বজ ও রবীন্দ্র জাদেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত