নেত্রকোনায় আগামী রবিবার (২৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল মাঠে সকালে দলটির পথসভা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তাই আগেভাগেই সকল প্রস্তুতি সেরে নিতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে এনসিপির পথসভার আরো দুদিন বাকি থাকলেও একটি স্কুলের দুইটি নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে, গত ২৪ জুলাই জেলা পুলিশ প্রশাসন পরিচালিত শহরের কুড়পাড় এলাকায় পুলিশ লাইন্স স্কুল এনসিপির পথযাত্রাকে ঘিরে ২৭ ও ২৮ জুলাই দুই দিন বন্ধ ও পরীক্ষা স্থগিতাদেশ বিষয়ে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী রবিবার এনসিপি নেত্রকোনায় পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় আগত পুলিশ ফোর্স অত্র বিদ্যালয়ে অবস্থান করবে বিধায় বিদ্যালয় ২৭ এবং ২৮ জুলাই ২ দিন বন্ধ থাকবে। ২৭ তারিখের পরীক্ষা ২৯ তারিখ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় বিরূপ প্রতিক্রিয়া।
যদিও এর পরপরই স্কুল কর্তৃপক্ষ শুক্রবার (২৫ জুলাই) সকালে এক প্রতিবাদ লিপির মাধ্যমে ২৭ ও ২৮ জুলাই যথারীতি স্কুল খোলা থাকার বিষয়টি জানিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান পুলিশ লাইন্স স্কুলে প্রধান শিক্ষক আব্দুল মালেক। এছাড়াও বিভ্রান্তিমূলক নোটিশ একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেছে স্কুলের বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি ষড়যন্ত্র বলেও তিনি দাবি করেন।
এনসিপি দলীয় ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এরপর কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়।
এরপর থেকে দলটি যেখানে সমাবেশ করে সেখানে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। আগামী রবিবার নেত্রকোনায় দলটির সমাবেশ ঘিরে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে বাইরে থেকে ৬৬ জন পুলিশ আনা হবে। এই পুলিশ সদস্যদের রাখতে নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুল বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করা হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, কেউ আমার স্বাক্ষর নকল করে ফেইক নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। বিদ্যালয় যথারীতি ২৭ এবং ২৮ জুলাই খোলা থাকবে এবং শিক্ষার্থীদের পরীক্ষাও অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দিয়েছি। তাই কেউ যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা একটি প্রতিবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছি।
এদিকে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনের দায়িত্বে থাকা পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাহেব আলী পাঠান বলেন, পুলিশ লাইন্স স্কুলে পুলিশ অবস্থান করবে তাই পরীক্ষার স্থগিত ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এই বিষয়টি সঠিক নয়। এমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বিভ্রান্তি ছড়াতে পারে। স্কুল সঠিক নিয়মেই চলবে। আর বাইরে থাকা আসা ৬৬ জন পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সেই রাখা হবে।
