রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজে চিরবিদায় নেওয়া সাহসী শিক্ষক মাসুকা বেগম নিপুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর বেলা সোয়া দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার দুপুরে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে নিহতের কবরস্থানে পৌঁছান। বিমানবাহিনীর সদস্যরা ফুলের তোড়া নিয়ে সালাম প্রদর্শন করেন।
পরে শিক্ষক মাসুকা প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিমানবাহিনীর সদস্যরা। সমাধির পাশে দাঁড়িয়ে বিমানবাহিনীর সদস্যরা মাসুকার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে তারা নিহত শিক্ষক মাসুকার ভগ্নিপতি খলিলুর রহমান সনেটের সঙ্গে কথা বলেন।
বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, বিমানবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রত্যেক সদস্যের পক্ষ থেকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগম নিপু ম্যাডামের প্রতি শোক ও সম্মান জানানোর জন্য। তিনি শুধুই একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সাহসিনী ও একজন আদর্শ নাগরিক। তিনি নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি।
বিমান দুর্ঘটনা তদন্তের বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আপনাদের জানানো হবে। বিমানবাহিনীর দল কাজ করছে। আপনারা সেটি জানতে পারবেন।
জনবহুল এলাকায় বিমান চালানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা আমাদের রাজধানী। এটি একটি স্ট্র্যাটেজিক লোকেশন। যেখানে আমাদের নিরাপত্তা খুব দরকার। ঢাকার আশপাশের জনবসতি অনেক বেড়ে গেছে। আমাদেরকে কম্প্রোমাইজ করলেই ফ্লাইং করতে হয়। কিন্তু দুর্ঘটনা কখনোই কাম্য নয়। এটি একটি দুর্ঘটনা।
