আলোচিত আল আমিন হত্যায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত আল আমিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ দুই আসামিকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহাবুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আমিনপুর থানার কোমরপুর এলাকার আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) এবং একই থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।

গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে প্রবাসফেরত আল-আমিন (২৮) বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে বাড়ি থেকে বের হন। দুপুর দেড়টার দিকে তিনি গোয়ালন্দঘাট থানার রাখালগাছি এলাকায় পৌঁছলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার গতিরোধ করেন এবং মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে নদীতে ফেলে হত্যা করেন।

পরদিন আল-আমিনের মামা লিটন কাজী পুলিশকে জানালে তাদের সহায়তায় নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন,প্রবাসী আল-আমিন হত্যার মূল পরিকল্পনাকারী আলম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অপর এক আসামি রুবেল সরদারও ধরা পড়েছে। এবং তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া তিনি আরও বলেন, জেলায় সংঘটিত গুরুত্বপূর্ণ অপরাধগুলোর দ্রুত ও কার্যকর তদন্তের জন্য গোয়ালন্দঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত