মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, খাসি জনগোষ্ঠীর নেতা জিডিসন প্রধান সুচিয়াং, মনিপুরী জনগোষ্ঠীর নেতা হিরন্ময় সিংহ প্রমুখ।
মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা রাজপথ থেকে উঠা আসা দল। আমরা জুলাই পদযাত্রা নিয়ে প্রতিটি জেলায় যাচ্ছি। সারা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। আজ মৌলভীবাজারে আমাদের কর্মসূচি ছিল। যাত্রাপথে আপনাদের কথা শোনার জন্য এসেছি।’
তিনি বলেন, ‘মৌলভীবাজারে তথা পুরো সিলেটের অনেক ভাষা ও সংস্কৃতি রয়েছে। সিলেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানে আমরা খুব অল্প পরিসরে বসেছি,ভবিষ্যতে আমরা আপনাদের পাড়া মহল্লায় পৌছাতে চাই। আমরা বৃহত্তর সিলেট অঞ্চলে সাংস্কৃতিক ও কূটনৈতিক কেন্দ্র গড়তে চাই। আমরা সব জায়গায় যাচ্ছি ও নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের জন্য আমাদের যে ইশতেহার করতেছি,সেখানে আমাদের যে জাতিসত্তা রয়েছে সবার দাবি গুলো আমরা ইশেতহার হিসেবে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করতে চাচ্ছি।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান থাকবে যে,নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাতে গতবছর জুলাই মাসে সবাই রাজপথে নেমে এসেছিলেন, বিগত কয়েক বছরে আমরা দেশটাকে গড়তে পারিনি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি এবার সুযোগ এসেছে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। যেখানে আমাদের সকল জাতিসত্তার কণ্ঠস্বর থাকবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বাংলাদেশের মানুষের জন্য কিছু করার,নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।’
তিনি বলেন, ‘৫০ বছরে দেশে অনেক রাজনৈতিক দল দেখেছেন,তবে ২৪ এর গণঅভ্যুত্থান একটি বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে। আমরা যারা তরুণরা নতুন দল গঠন করেছি আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আমরা অন্তর্ভুক্তিমূলক সকল সম্প্রদায়ের বাংলাদেশ গড়তে চাই।’
