ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় স্থাপন চুক্তিকে এক অসম চুক্তি বলে অভিহিত করেছেন।
শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক দলসমূহের সাথে কোন রকম আলোচনা ছাড়া অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত কোনভাবেই যৌক্তিক নয়। যা দেশ ও জাতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। এ কার্যালয় স্থাপনের কারণে দেশে ইসলামবিরোধী বিবিধ কর্মযজ্ঞ বাস্তবায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, ফিলিস্তিন, আরাকান, কাশ্মীরের মতো দেশসমূহে প্রতিনিয়ত মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। অথচ সেখানে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কার্যালয় স্থাপনের কোন উদ্যোগ-আয়োজন দৃশ্যমান নয়। কিন্তু বাংলাদেশে কী কারণে এ কার্যালয় স্থাপন অপরিহার্য হয়ে পড়লো তা আমাদের বোধগম্য নয়। এদেশে মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন মানে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার একটি ঘৃণ্য নীলনকশা বলে নেতৃবৃন্দ মন্তব্য কওে বলৈ বলেন, যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।
নেতৃবৃন্দ অবিলম্বে এই অসম চুক্তি বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।
