বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে যাওয়ার পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ-চলাচল স্বাভাবিক হয়েছে। নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল থেকে জোয়ারের পানি নামতে শুরু করেছে। তবে আজ ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে সীট্রাক নলচিরা ঘাটে পৌঁছেছে। বেলা ১১টার সময় নলচিরা ঘাট থেকে যাত্রীবাহী এক ট্রলার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্য ছেড়ে গেছে।
গত শুক্রবার সকালে সমুদ্র নিম্নচাপ ও ৩ নম্বর সতর্ক সংকেতের ফলে হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৩৬ ঘণ্টা পর গতকাল বিকেলে নলচিরা থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাত্রীবাহী এক ট্রলার ছেড়ে যায়।
হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, রবিবার সকাল থেকে নদী শান্ত থাকায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে সীট্রাক নলচিরা ঘাটে এসে পৌঁছেছেন এবং নৌ-যোগাযোগ মোটামুটি স্বাভাবিক হয়েছে। ঢাকা-হাতিয়া -ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু না হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
