সাকিবকে আগে দেশে আসতে হবে, তারপর জাতীয় দলে: বুলবুল

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম

জাতীয় দলের টি-টোয়েন্টি পারফর্মেন্সের সাথে সাথে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনাও বদলে যাচ্ছে। কিছুদিন আগেই সাকিবকে দলে ফেরানোর জোর গুঞ্জন রটেছিল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও গণমাধ্যমে একাধিকবার এ বিষয়ে কথা বলেছেন। এবার জানালেন, সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেলেবেল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবনা। সেটার জন্যে সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরির্তনের পর থেকে আর দেশে ফেরেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব আল হাসান। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মাঝে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু ‘নিরাপত্তার অভাবে’ সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। সম্প্রতি তাকে অ্যাওয়ে সিরিজে খেলানোর কথা শোনা গিয়েছিল। তবে এবার বিসিবি সভাপতি ভিন্ন কথাই বললেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত