স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
রবিবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন রবীন্দ্র ভাষ্কর্য চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা কর্মসূচিতে সংহতি জানান।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে প্রতীকী ক্লাস পরিচালনার ঘোষণা দেওয়া হয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের ওপর এ কর্মসূচি চালানোর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম ও শিক্ষার্থী জাকারিয়া জিহাদ।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের উদাসীনতা আমাদের আজ এখানে দাঁড় করিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে যাদের গাফিলতি আছে, তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। বিশেষ করে পরিবেশের দোহাই দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাঁধা দেওয়ার কারণে তার পদত্যাগ দাবি করছি।’
সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, ‘এ পর্যন্ত এই ডিপিপি সাতবার সংশোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগ যখন যে তথ্য-প্রমাণ চেয়েছে, আমরা সরবরাহ করেছি। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১০০ একর ভূমি ব্যবহারে অনাপত্তিপত্র ডিপিপির সঙ্গে সরবরাহ করা হয়েছে। এতকিছুর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন না হওয়ায় আমাদের মনে নানাবিধ শঙ্কার জন্ম দিয়েছে। আমরা মনে করছি, এর পেছনে কোনো স্বার্থান্বেষী মহল জড়িত আছে। তাদের খুজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’
সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ বলেন, জাতীয় সংগীতের রচয়িতা নোবেলবিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদনের দাবিতে আমাদের রাজপথে দাঁড়াতে হয়েছে, এটি হতাশার। আমরা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করি।
শিক্ষার্থীদের মানবন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হোসেনের বক্তব্যে বলেন, আমাদের রক্তের ওপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। দীর্ঘ নয় বছর ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভাড়া করা ভবনে চলছে। এটি কেবল আমাদের জন্য নয়, সমস্ত দেশের শিক্ষাব্যবস্থার জন্য লজ্জার। আমরা এর আগেও রাজপথে ক্যাম্পাসের দাবি জানিয়েছি। সরকারের আশ্বাসে আমরা শ্রেণিকক্ষে ফিরে এসেছিলাম। তবে এবার সমাধান না নিয়ে রাজপথ থেকে ফিরছি না।
তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন না হওয়ার পেছনে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।
মানববন্ধন ও বিক্ষোভের কারণে বাঘাবাড়ি থেকে তালগাছি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস, নছিমন-করিমন, প্রাইভেটকারসহ কয়েক হাজার যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কর্মসূচি শেষ হওয়ার প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
