টঙ্ক ও কমিউনিস্ট আন্দোলনের পুরোধা মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি।

কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে সোমবার দুপুরে মনি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডা. দিবালোক সিংহ। এই সময় একটি আনন্দ শোভাযাত্রা স্মৃতি জাদুঘর চত্বরে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মনি সিংহ মিলনায়তনে এ মহান নেতার কর্ম ও ব্যক্তি জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে ও সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সিপিবি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সফিউল আলম স্বপন, জাহাঙ্গীর আলম রিপন, আদিবাসী ফোরামের নেতা নিরন্তর বনোয়ারী, নারীনেত্রী তাসলিমা বেগম প্রমুখ। 

আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও উদীচী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।  

কমরেড মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরীব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেম এর মূর্ত প্রতীক হয়ে রয়েছে। আমৃত্যু তিনি গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এ রাজনীতিক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত