কুমিল্লার চৌদ্দগ্রামে অসদুপায় (নকল) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।
বহিষ্কৃতরা মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার (২৮ জুলাই) চৌদ্দগ্রাম সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন। এ সময় অসদুপায় (নকল করার দায়ে) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
এছাড়াও এবারের এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। সামনের দিনে উপজেলা প্রশাসন বিষয়গুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হবে। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সকলকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’
