সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চোধুরীর অপসারণ দাবি 

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

সোনালী ব্যাংক পিএলসির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অপসারণের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)। সংগঠনটি অভিযোগ করেছে, মুসলিম চৌধুরী আওয়ামী আমলে দুর্নীতির অন্যতম সুবিধাভোগী এবং সরকারি অর্থ লুটপাটের থিঙ্কট্যাঙ্ক হিসেবে পরিচিত ছিলেন।

সোমবার (২৮ জুলাই) রাজধানীতে জেবিএবি কার্যালয়ে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে পেশাজীবী ব্যাংকারদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এ দাবি জানান।

জেবিএবি নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ মুসলিম চৌধুরী অতীতে আওয়ামী লীগ সরকারের সময় অর্থসচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়েই ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি অনুযায়ী, তিনি অর্থসচিব থাকাকালীন সময়েই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি— বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি ঘটে, যার দায় তিনি এড়াতে পারেন না। কারণ, অর্থ বিভাগ থেকে কোনো তহবিল ছাড়ের ক্ষেত্রে সিএজি’র অনুমোদন বা স্বাক্ষর ছিল অপরিহার্য।

এছাড়া তারা আরও অভিযোগ করেন, মুসলিম চৌধুরীর শিষ্য হিসেবে পরিচিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই কর্মকাণ্ডে মুসলিম চৌধুরীর মদদ ছিল বলেও অভিযোগ উত্থাপন করেন জেবিএবি নেতারা।

সংগঠনটির নেতারা আরও বলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার মুসলিম চৌধুরীর পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং তিনি নিজেও একজন ‘আপাদমস্তক সুবিধাভোগী’ হিসেবে পরিচিত। এ প্রেক্ষিতে, জুলাই-আগস্ট বিপ্লব ও জাতীয়তাবাদী চেতনার পরিপন্থী হিসেবে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তারা।

তাকে অপসারণ না করা হলে জুলাই আগস্ট চেতনায় উদ্বুদ্ধ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত