সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, ৫ নেতা বহিষ্কার

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:৫৭ পিএম

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অতি শীঘ্রই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও একই বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০২০ সালের ডিসেম্বরে গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে ৪৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছিল।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাউজানের সত্তার ঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গোলাম আকবর খন্দকারসহ অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনার পর পরই উত্তর জেলা কমিটি বিলুপ্তির ঘোষণা আসে কেন্দ্র থেকে।

জানা যায়, উত্তর চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গিয়াস কাদেরও আগে উত্তর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দুইজনেরই বাড়ি রাউজান উপজেলায়। গত বছর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলে দীর্ঘদিন এলাকার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা রাউজানে ফিরেন।

কিন্তু এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত-সংঘর্ষে জড়ায় গিয়াস কাদের ও গোলাম আকবর খন্দকারের বলয়ে বিভক্ত নেতাকর্মীরা। প্রতিপক্ষের হাতে দলীয় নেতাকর্মীদের হতাহতের ঘটনা সেখানে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়। পুরো রাউজান পরিণত হয় আতঙ্কের জনপদে। গত এক বছরে সেখানে অন্তত ১০ জন বিএনপি নেতাকর্মী খুন হয় সেখানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত