ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইক চুরির ঘটনায় রিয়াদ মিয়া (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) ভোর রাতে উপজেলার আচারগাঁও গারুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সপ্তাহ খানেক পূর্বে আচারগাঁও পুড়াবাড়িয়া মহল্লার হানিফ মিয়া একটি নতুন ইজিবাইক কিনে আনেন। ওইদিন রাতেই বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়। চুরির সঙ্গে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয়রা রিয়াদ মিয়া এবং গারুয়া গ্রামের নুর ইসলামের ছেলে নাদিম মিয়া ও সাঈম নামের ৩ জনকে আটক করে। তাদের নিয়ে পার্শ্ববর্তী এলাকা দিঘীরপাড় নামক স্থানে সোহরাবের বাড়ির সামনে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে তিনজনই ইজিবাইক চুরির কথা স্বীকার করে পরেরদিন (বুধবার) ইজিবাইকটি ফেরত দিবে বলে জানায়। সালিশে এ সংক্রান্ত একটি মুচলেকা দেওয়ার পর নাদিমের মা ময়না আক্তার সন্ধ্যায় দুজনকে তার জিম্মায় বাড়িতে নিয়ে যান। আজ বুধবার সকালে নাদিমের মা ময়না আক্তারের একটি ঘরের দরজা খোলে ভেতরে গিয়ে রিয়াদ মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা ধারণা করছেন ইজিবাইক চুরির ঘটনায় নাদিমকে জড়ানোর কারণে ক্ষুব্ধ হয়ে রিয়াদকে বাড়িতে ডেকে এনে রাতের আঁধারে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মুজাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গার্দিওলার ট্রান্সফার খরচ ছাড়াল ২ বিলিয়ন ইউরো
পাকিস্তানকে হারাবে উইন্ডিজ, বিশ্বাস হোপের