আমি কী বুড়ো হয়ে গেছি, নাকি মুটিয়ে গেছি?

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম

২০১০ সালে ঢাকা এসএ গেমসে ৬০ কেজি লাইটওয়েট ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছিলেন দেশের অন্যতম সেরা বক্সার জুয়েল আহমেদ জনি। আজ জাতীয় বক্সিংয়ের ৮০ কেজি ওজন শ্রেণিতে বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারিয়ে স্বর্ণ জেতেন তিনি। কিন্তু এর পরেই তার অবসর নিয়ে শুরু হয় অদ্ভুতুড়ে পরিস্থিতি।

অনেকেই তার ইভেন্ট শেষে তাকে মালা পড়িয়ে বিদায়ের আবহ সৃষ্টি করেছিলেন। তবে জুয়েল নিজেই অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, ‘আমার এলাকার এক বড় ভাই আমাকে এমন অবসর ভাবনায় ফেলে দিলেন। যদিও আমার এখনো অবসর নেওয়ার কোন ইচ্ছে নেই। তাছাড়া আমার সংস্থা বাংলাদেশ আনসারও আমাকে এ বিষয়ে কিছু বলেনি।’

২০১০ এসএ গেমসের পর পেরিয়ে গেছে আরও ১৫ বছর। এখনো খেলা চালিয়ে যাওয়ার রহস্য জানাতে গিয়ে জুয়েল বলেন, ‘আমি কী বুড়ো হয়ে গেছি, নাকি মুটিয়ে গেছি? আমার বয়স আর কত হয়েছে! সবে মাত্র ৩৫। আরও পাঁচ বছর খেলতে পারি নির্দ্বিধায়।'

এদিকে বুধবার রিংয়ে আলো কেড়েছেন দুই বছর আগে হাংঝু এশিয়ান গেমসে দুর্দান্ত খেলা বক্সার সেলিম হোসেন। এশিয়াডে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়া সেলিম জাতীয় চ্যাম্পিয়নশিপে অবশ্য হতাশ করেননি। ৬৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন সেলিম। হারিয়েছেন খুলনা জেলার ইমন মেহেদী হাসানকে। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে সেলিমের কাছে ধরাশায়ী হন ইমন। টানা তৃতীয়বারের মতো নিজ ইভেন্টে সেরা হয়ে সেলিম বলেন, ‘এর জন্য অনেক কষ্ট করেছি। কঠোর পরিশ্রম, ঘাম, কষ্ট আর বিশ্বাস-সব কিছুর ফসল আজকের এই স্বর্ণপদক। এই অর্জন শুধু আমার না, এটা আমার কোচ, পরিবার, সতীর্থ আর সকল সমর্থকের।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত