গামিনি থাকছেন আরও এক বছর, তবে বাড়েনি বেতন

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে ক্রিকেটারদের অভিযোগের পর যে নামটি বারবার আলোচনায় আসে, তিনি গামিনি ডি সিলভা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রধান ভেন্যুর পিচের দায়িত্বে আছেন শ্রীলঙ্কার এই কিউরেটর। অভিযোগের মুখে পড়েছেন বহুবার, কিন্তু প্রতিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আস্থার জায়গায় রেখেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, ২–১ ব্যবধানে। তবে ম্যাচগুলো যেভাবে কম রানে সীমাবদ্ধ ছিল, তা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। সরাসরি প্রশ্ন তুলেছেন টি-টোয়েন্টির উপযোগী নয় এমন উইকেট নিয়ে। সমালোচনার ঝড় ওঠার আগেই অবশ্য গামিনির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করে রেখেছিল বিসিবি।

২০১০ সালের অক্টোবরে প্রথমবারের মতো দুই বছরের চুক্তিতে বিসিবিতে যোগ দেন গামিনি। এরপর একে একে সাতবার নবায়ন হয়েছে তার চুক্তি। শুরুতে ৩ হাজার ডলার মাসিক বেতন থাকলেও তা ধাপে ধাপে বেড়ে হয়েছে ৪ হাজার ৫০০ ডলার। ২০১১ বিশ্বকাপের পর শেরে বাংলা স্টেডিয়ামের দায়িত্ব নেওয়ার পর থেকেই দায়িত্ব যেমন বেড়েছে, বেতনও সেভাবেই। তবে এবার, নতুন এক বছরের চুক্তিতে বেতন বাড়েনি এক পয়সাও।

চলমান চুক্তিটি শেষ হয়েছে ৩১ জুলাই। এর আগেই নতুন মেয়াদের কাগজে সই করেছেন গামিনি, যার মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।

সর্বশেষ চুক্তি অনুযায়ী তার বেতন ৪ হাজার ৫০০ মার্কিন ডলার। বার্ষিক ছুটি থাকছে ৩০ দিন, ঢাকা-কলম্বো-ঢাকা বিমান ভাড়ার জন্য বরাদ্দ আছে ৪ হাজার ডলার। ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে একটি গাড়ি, মোবাইল ফোন বিল বাবদ মাসে তিন হাজার টাকা এবং আবাসন ভাতা মাসিক ৫৫ হাজার টাকা—সবই বিসিবির পক্ষ থেকে।

চুক্তি নবায়নের সিদ্ধান্ত এসেছে ৩০ জুন অনুষ্ঠিত বিসিবি সভা থেকে। তবে এই চুক্তি একতরফাভাবে বাতিল করা যাবে না। বিসিবি চাইলে তাকে সরিয়ে দিতে হবে অন্তত ৬০ দিনের নোটিশ দিয়ে, অর্থাৎ দুই মাসের বেতন দিয়ে তবেই বিদায় জানাতে পারবে তাকে।

পিছনে তাকালে দেখা যাবে, শেরে বাংলা স্টেডিয়ামে গামিনির ১৪ বছরের সময়কালে বাংলাদেশ খেলেছে ২২টি টেস্ট, জিতেছে ৮টিতে—যার মধ্যে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়। এছাড়া মিরপুরে ৩০টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ভারত, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়—সবই গামিনির আমলেই। যদিও এসব জয় উইকেটের সুবিধা নিয়েই এসেছে।

চুক্তি নবায়ন শুধু সময় বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিসিবি গামিনির ওপর আস্থা রেখেছে আগের মতোই। বিসিবির গ্রাউন্ডস কমিটির সিনিয়র ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘গামিনির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে। তিনি শেরে বাংলার প্রধান কিউরেটর হিসেবেই কাজ চালিয়ে যাবেন। আপাতত এটিই বিসিবির সিদ্ধান্ত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত