গাভাস্কারকে ছাড়িয়ে ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ড ভাঙার পথে শুবমান

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন শুবমান গিল। আজ বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে দুই উইকেট হারায় ভারত। চারে নেমে জেমি ওভারটনকে কাভার দিয়ে চার মেরে ১১ রানে পৌঁছে যাওয়ার সাথে সাথে গিল ভেঙে দেন সুনিল গাভাস্কারের রেকর্ড।

১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন তখনকার ভারত অধিনায়ক গাভাস্কার। ভারতের অধিনায়ক হিসেবে সেটাই ছিল এক সিরিজে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। গাভাস্কারের আরেকটি রেকর্ড ভাঙাও গিলের একদম নাগালে। ৫৪ বছর আগে সেই ১৯৭১ সালে নিজের অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। যা এক সিরিজে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান।

সব দেশ মিলিয়ে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়াও গিলের পক্ষে অসম্ভব কিছু নয়। স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩৬-৩৭ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে করেছিলেন ৮১০ রান। ওভালে ৮৯ রান করলেই ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাবেন শুবমান। গিল যদি ওভালে সেঞ্চুরি করতে পারেন তাহলে আরেকটি অনন্য রেকর্ড হবে। অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটার বেশি সেঞ্চুরি কারও নেই। পাঁচ সেঞ্চুরিতে গিল উঠবেন শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত