তিন সেঞ্চুরি করে সব পুরস্কার নিয়ে গেলেন ডি ভিলিয়ার্স

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

বয়স হয়ে গেছে ৪১ বছর, কিন্তু পারফর্মেন্সে কমতি নেই এবি ডি ভিলিয়ার্সের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) তার ব্যাটিং দেখে মনেই হয়নি, ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ফাইনালসহ টুর্নামেন্টে মোট তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। শুধু তাই নয়, ফাইনালের প্রায় সব পুরস্কারই তিনি নিয়ে গেছেন!

গতকাল পাকিস্তানের বিপক্ষে তিনি খেলেছেন ৬০ বলে ১২ চার ৭ ছক্কায় ১২০ রানের অপরাজিত ইনিংস। সেঞ্চুরি করেছেন ৪৭ বলে। তার ব্যাটিং দাপটে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। ইনিংসের মাঝে হ্যামস্ট্রিংয়ের চোট পেলেও খেলা চালিয়ে গেছেন। এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও ডি ভিলিয়ার্স ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন।

‘৩৬০ ডিগ্রি’ খ্যাত এই ব্যাটসম্যান হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। সেইসঙ্গে তার হাতে উঠেছে মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও। অর্থাৎ, এক ম্যাচেই জিতেছেন চারটি পুরস্কার। এর বাইরে ফাইনালের একমাত্র ব্যক্তিগত পুরস্কার ‘ফ্যান ফ্যাবারিট লিজেন্ড’ পেয়েছেন পাকিস্তানের শারজিল খান। তিন সেঞ্চুরিতে টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৩১ রান করে ডি ভিলিয়ার্সই হয়েছেন আসরের সেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত