চার বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মহাতারকা এবি ডি ভিলিয়ার্স। তবে ‘মিস্টার ৩৬০’ খ্যাত এই কিংবদন্তি ক্রিকেটার আবারও ফিরতে পারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ব্যাট হাতে নয়, বরং কোচ বা মেন্টরের ভূমিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ড্রেসিংরুমে দেখা যেতে পারে তাকে।
২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল ডি ভিলিয়ার্সের। ২০১১ সালে বেঙ্গালুরুতে যোগ দেওয়ার পর এক দশকেরও বেশি সময় খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৫৭ ম্যাচে করেছেন ৪৫২২ রান, গড় ৪১.১০ এবং স্ট্রাইক রেট ১৫৮.৩৩। করেছেন দুটি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি। ২০১৬ সালে বিরাট কোহলির সঙ্গে গড়েছিলেন ২২৯ রানের জুটি, যা এখনও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
এবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৬ আইপিএল থেকে বেঙ্গালুরুতে ফের দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে। সাবেক প্রোটিয়া তারকা নিজেই বলেছেন, ‘আমি ভবিষ্যতে আইপিএলে ফিরতে পারি, তবে ভিন্ন ভূমিকায়। পুরো মৌসুমে পেশাদার দায়িত্ব নেওয়া এখন আর সম্ভব নয়, সেই সময় শেষ। তবে কখনোই “না” বলা যায় না। আমার হৃদয় সবসময় বেঙ্গালুরুর সঙ্গে থাকবে। যদি দল মনে করে আমার জন্য কোনো ভূমিকা আছে, আর সময়-সুযোগ মিলে যায়, তাহলে সেটা অবশ্যই আরসিবিই হবে।’
বেঙ্গালুরুর হয়ে শিরোপা জেতা হয়নি এবির। গত আসরে বেঙ্গালুরু প্রথমবারের মতো এই শিরোপা জিতেছে। ফাইনালের মঞ্চে উপস্থিত ছিলেন ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল। এই দুজনকেই ২০২২ হল অব ফেমে জায়গা দিয়েছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। এবার হয়তো ভক্তদের জন্য আসছে আরও এক চমক—ড্রেসিংরুমে মেন্টরের ভূমিকায় এবি ডি ভিলিয়ার্স।
হারানো ওজন ফিরে পেয়েই জ্বলে উঠলেন এমবাপ্পে
৭ হাজার রান, ৫০০ উইকেট; ইতিহাসে একজনই এই কীর্তি গড়েছেন
‘টি-টোয়েন্টি ম্যাচে লম্বা ইনিংস’ খেলার চেষ্টা করছেন বুলবুল