বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করেছে। সংগঠনটির অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে আটাবের বর্তমান কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোতাকাব্বীর আহমেদকে সংগঠনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের নেতৃত্বে ‘আটাব অনলাইন’ প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ার টিকিট বিক্রির নামে শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সম্প্রতি ‘ফ্লাইট এক্সপার্ট’ নামের আরেকটি অনলাইন প্ল্যাটফর্ম গ্রাহকদের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ায় আটাব নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, আটাব নেতৃত্বের সমর্থনেই ফ্লাইট এক্সপার্টের কর্ণধার শালমান সায়েমের অনিয়ম সহজ হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘আটাব অনলাইন’ প্ল্যাটফর্ম চালু করে শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ইতিমধ্যে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। ‘আটাব সংস্কার পরিষদ’ নামে একটি গোষ্ঠী সংগঠনটির ব্যবস্থাপনায় প্রশাসক নিয়োগের দাবি জানায়।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী আটাবের বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পর দায়িত্ব হস্তান্তর করবে।
