যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘গিফোর্ড’ দাবানলে ৭২ হাজার একরের বেশি বনাঞ্চল ও ঘরবাড়ি পুড়ে গেছে। সহস্রাধিক ফায়ারফাইটার দিনরাত কাজ করলেও মাত্র ৩ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্তত তিনজন আহত হয়েছে, বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানলটি শুক্রবার বিকালে লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে শুরু হয়ে স্যান্টা বারবারা ও স্যান লুইস ওবিসপো কাউন্টিতে ছড়িয়ে পড়ে। ক্যাল ফায়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত ৭২,৪৬০ একর এলাকায় আগুন ছড়িয়েছে। ঘন ঝোপঝাড় ও পাহাড়ি অঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ৪৬০টি স্থাপনা ঝুঁকিতে রয়েছে।
আগুনের ধোঁয়া ও বিষাক্ত বায়ু থেকে রক্ষা পেতে স্থানীয় কর্তৃপক্ষ কুইয়ামা ও আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্তদের বাইরে কম সময় কাটাতে বলা হয়েছে।
আহতদের মধ্যে একজন সাধারণ নাগরিক গুরুতর পুড়ে হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদুইজন অগ্নিনির্বাপক দলের কর্মী, যারা যানবাহন দুর্ঘটনায় আহত হয়েছে।
এদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গিফোর্ড ছাড়াও আরও দুটি নতুন দাবানলের ঘটনা ঘটেছে। রিভারসাইড কাউন্টির ‘রোসা’ দাবানল ইতোমধ্যে ১,২০০ একর, আর স্যান বার্নার্ডিনো কাউন্টির ‘গোল্ড’ দাবানল ৩৪৮ একর এলাকা পুড়িয়েছে।
কর্তৃপক্ষ দাবানলের কারণ তদন্ত করছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে অগ্নিনির্বাপক রাসায়নিক ছিটানো হচ্ছে।
