আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার কে 

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মাল্ডার এবং ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আইসিসি জুলাই মাসের সেরা ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারির সেরা হয়েছিলেন শুবমান গিল। 

শুবমান গিল 
জুলাইয়ে তিনটি টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন গিল। ইংল্যান্ড সফরে তিনি ৯৪.৫০ গড়ে করেছেন মোট ৫৬৭ রান। এজবাস্টনে ঐতিহাসিক জয়ে তার ব্যাটিং ছিল অনন্য — প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন তিনি। এই দুই ইনিংসে গিলের মোট ৪৩০ রান, যা টেস্ট ইতিহাসে একটি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান (শীর্ষে গ্রাহাম গুচের ৪৫৬ রান)। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টেও তিনি অপরাজিত ১০৩ রান করে ভারতের গুরুত্বপূর্ণ ড্র নিশ্চিত করেন, যা শেষ পর্যন্ত ২-২ সিরিজ ড্র করার পথ তৈরি করে।

উইয়ান মুল্ডার 
জিম্বাবুয়েতে দুই ম্যাচের টেস্ট সিরিজে উইয়ান মুল্ডার ব্যাটে-বলে চমক দেখান। তিনি দুই ম্যাচে করেছেন ৫৩১ রান, গড় ২৬৫.৫০। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান করেন, কিন্তু মূল চমক আসে দ্বিতীয় টেস্টে, বুলাওয়েতে। সেখানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে অভিষেকে করেন অপরাজিত ৩৬৭ রান, যা দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। বোলিংয়েও ছিলেন সফল—৭ উইকেট নেন ১৫.২৮ গড়ে, প্রথম টেস্টে ছিল ৪ উইকেটের দারুণ স্পেল। পুরো সিরিজজুড়ে অলরাউন্ড অবদানের জন্য তিনি সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বেন স্টোকস
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জুলাই মাসেও দেখিয়েছেন তার লড়াকু মানসিকতা ও অলরাউন্ড পারফরম্যান্স। ভারতের বিপক্ষে তিনটি টেস্টে তিনি করেন ২৫১ রান (গড় ৫০.২০) এবং নেন ১২ উইকেট (গড় ২৬.৩৩)। লর্ডস ও ওল্ডট্র্যাফোর্ড টেস্টে টানা দুই ম্যাচে ম্যাচ সেরা হন স্টোকস। লর্ডসে তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় ইংল্যান্ড, আর ম্যানচেস্টারে ৫ উইকেট নিয়ে এবং ১৪১ রানের ঝড়ো ইনিংসে দলকে এনে দেন বড় লিড। ওল্ডট্র্যাফোর্ডে তার ১৪১ রান ইংল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেয়, যেখানে তারা ৬৬৯ রানে বিশাল স্কোর গড়ে। অধিনায়ক হিসেবে তার আগ্রাসী মনোভাব এবং বোলিংয়ে লম্বা স্পেলে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ জুটি ভাঙার ক্ষমতা ছিল সিরিজে ইংল্যান্ডের বড় শক্তি।

সাবেক খেলোয়াড়, সাংবাদিক, ধারাভাষ্যকার এবং আইসিসির নির্বাচিত বিশ্লেষকদের প্যানেলের ভোট (৯০ শতাংশ পয়েন্ট) এবং ক্রিকেট ভক্তদের আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া ভোট (১০ শতাংশ পয়েন্ট) মিলিয়ে মাসের সেরা নির্বাচিত হবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত