রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আবাসিক হোটেল আর ইসলামের চার তলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ৪১০ নম্বর কক্ষের বিছানার উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রুমের দরজা এসময় খোলা ছিল।
তিনি আরও জানান, আলমগীরের বাড়ি শরিয়তপুরের পালং উপজেলার চব্বিশরশি গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ খান। এলাকায় কাপড়ের ব্যবসা করতেন তিনি। গত ৩ আগস্ট তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলটিতে উঠেছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে হোটেল ম্যানেজারের কাছে অ্যাসিডিটির ট্যাবলেট কিনে এনে দিতে বলেন। এরপর ম্যানেজার বাইরে থেকে ওষুধ এনে দেন। ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
