ধোনি বললেন ‘হলুদ জার্সিতেই আছি, তবে…’

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর আইপিএল খেলবেন কিনা- সেটা লাখ টাকার প্রশ্ন। দল এবং স্পনসের চাহিদার কারণে নামমাত্র পারিশ্রমিকে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে যাচ্ছেন। প্রতিটি আইপিএল মৌসুমজুড়ে ধোনির অবসরের গুঞ্জন চলতে থাকে। তবে ধোনি বা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ধোনিও তার ভবিষ্যৎ নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনিকে আবারও চেন্নাইয়ের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। তবে যদি আপনি জানতে চান আমি আবারও হলুদ জার্সিতে ফিরব কিনা, তাহলে বলব যে, আমি সবসময় হলুদ জার্সিতেই থাকব। তবে খেলব কি না, সেটা আলাদা ব্যাপার। তবে আমি চাই না কেউ ভাবুক যে আমি পরবর্তী ১৫-২০ বছর খেলব।’

২০০৮ সালের প্রথম আইপিএল থেকেই চেন্নাই দলের অংশ ধোনি। তার অধিনায়কত্বে দলটি রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। দলের সঙ্গে সম্পর্কের বিষয়ে ধোনি বলেন, ‘আমি মনে করি, বছরের পর বছর আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। এটা আমাকে একজন মানুষ হিসেবে উন্নত হতে সাহায্য করেছে, একজন ক্রিকেটার হিসেবেও। আমার মনে হয়, এটা উভয় পক্ষের জন্যই ভালো হয়েছে।’

২০২৫ আইপিএল চেন্নাইয়ের জন্য ছিল হতাশাজনক। তারা পয়েন্ট টেবিলের একদম নিচে থেকে আসর শেষ করেছিল। আগের আসরেও তারা প্লে অফে যেতে পারেনি। ধোনি বলেন, ‘হ্যাঁ, গত দুই মৌসুম আমাদের জন্য ভালো যায়নি। আমরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারিনি। তবে গুরুত্বপূর্ণ হলো শেখা। হ্যাঁ, খারাপ একটা মৌসুম গেছে। কিন্তু আমরা কী কী ভুল করেছি- সেটাই ছিল আমাদের জন্য বড় প্রশ্ন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত