ক্রিকেটের তীর্থ হিসেবে পরিচিতি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঘাস তুলে ফেলা হচ্ছে। বসানো হবে নতুন ঘাস। এ কারণে পুরনো ঘাস মাটিসহ টুকরো করে বিক্রি করা হচ্ছে। ১.২ মিটার বাই ০.৬ মিটারের প্রতিটি ঘাসের টুকরার দাম ধরা হয়েছে ৫০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৮ হাজার টাকার বেশি। যে কেউ চাইলেই এই ঘাস কিনতে পারেন, তবে হাতে পেতে অপেক্ষা করতে হবে আগামী মাস পর্যন্ত।
১৮১৪ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড প্রতিষ্ঠিত হয়েছিল। এই মাঠটি ক্রিকেটের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত। যে কোনো ক্রিকেটারই এই মাঠে খেলতে পারলে নিজেকে ধন্য মনে করেন। ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মালিকানাধীন স্টেডিয়ামটির অবকাঠামো এখনো সেই পুরনো দিনের আদলেই সংরক্ষণ করা হয়েছে। একসময় এখানে আইসিসির সদর দপ্তর ছিল। এখন আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আইসিসির ইউরোপীয় কার্যালয়।
বিশ্বের প্রাচীনতম ক্রীড়া জাদুঘরের একটি আছে লর্ডসে। ক্রিকেটসংক্রান্ত সবচেয়ে বড় গ্রন্থাগারের স্থাপন করা হয়েছে এই মাঠেই। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এমসিসি আউটফিল্ডের পুরোনো ঘাস তুলে নতুন ঘাস বসাবে। তুলে ফেলা ঘাস সংরক্ষণ করে প্রথমে এমসিসি সদস্যদের কাছে বিক্রি করা হবে। এরপর সেই ঘাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। ঘাস বিক্রির ১০ শতাংশ যাবে এমসিসি ফাউন্ডেশনে, আর বাকি অর্থ ব্যয় হবে মাঠের অবকাঠামো উন্নয়নে।
এদিকে লর্ডসের ‘এক্স’ অ্যাকাউন্টে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর লর্ডস থেকে সীমিত সংখ্যক ঘাসের টুকরা সংগ্রহ করা যাবে। মূল স্কয়ার অক্ষত রেখে শুধু আউটফিল্ডের ১৫ মিলিমিটার ঘাস কেটে ফেলে নতুন বীজ বপন করা হবে। সাম্প্রতিক সময়ে ডাইভের সময় ঘাস উঠে আসার ঘটনা বাড়ায় এই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০০২ সালেও সংস্কারের সময় লর্ডসের ঘাস বিক্রি করা হয়েছিল।
অধিনায়ক নিগার সুলতানার ক্ষোভ মেশানো পোস্ট ঘিরে রহস্য
বিপিএলের পাকিস্তানি তারকার বিরুদ্ধে তদন্তে ইংল্যান্ড পুলিশ!
ধর্ষণ মামলায় জামিন পেয়েই সাবেক আর্সেনাল তারকার ক্লাব বদল