আ. লীগ আস্তাকুঁড়ে, আকাশ-কুসুম স্বপ্ন দেখছে: ড.মইন খান

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মইন খান বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস কখনো ক্ষমা করে না। আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। তবুও তাদের অনুশোচনা নেই। আওয়ামী লীগ আকাশ-কুসুম স্বপ্ন দেখছে, তারা পরাশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চাচ্ছে, কিন্তু তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না।

শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। রাজনীতিতে সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো নীতির সাথে কখন আপস করবে না। সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।  

মতিন চৌধুরীর স্মৃতিচারণ করে ড. মইন খান বলেন, আধুনিক রূপগঞ্জ ও পূর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্টা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরী। রূপগঞ্জের মানুষ এই পূর্বাচল উপশহর গড়ার বিরোধিতা করেছিলেন, তারা বুঝতেই পারেনি এটি একদিন আধুনিক শহর হবে। আজ পূর্বাচল ঘিরেই আশপাশের এলাকায় কতশত উন্নয়নের মহাযঙ্গ চলছে। অথচ উপজেলার কোনো স্থাপনায় মতিন চৌধুরীর নামফলক বা স্মৃতি চিহ্ন নেই।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির’র সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ইমনের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত