‘দেশের মানুষ শেখ পরিবারের গোলামে পরিণত হয়েছিল’

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৩৬ পিএম

বাংলাদেশের মানুষ শেখ পরিবারের গোলামে পরিণত হয়েছিলো উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে এই বাংলাদেশ, আওয়ামী লীগ ও বাকশালীদের দলীয় এবং পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিলো। এই গোলামী থেকে সাধারণ মানুষকে জিয়াউর রহমান মুক্ত করেছিলেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছে। কিন্তু ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, অপহরণ, গুম, খুনের পথ বেঁচে নেয়। বিগত ১৭ বছর দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে এসেছে। এরই ধারাবাহিকতা ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও এখনও দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। পতিত স্বৈরাচার ভারতের মাটিতে বসে অফিস খুলে দেশ বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদ যাতে আর কোন দিন এদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেই সঙ্গে ত্যাগী নেতাদেরকে নির্বাচিত করতে হবে। 

তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তারা মনে করে বিএনপি ছাড়া বিকল্প কোন রাজনৈতিক শক্তি নাই।" দেশের মানুষ যদি ভোট দেয়ার সুযোগ পায় তাহলে বিএনপিকে ক্ষমতায় বসাবে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। পরে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ‍মজিবুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত