দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই: ফরহাদ মজহার

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশে এখন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের উন্নয়নমূলক অর্জন থাকলেও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় নির্বাচন আয়োজন গ্রহণযোগ্য হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভার আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। তবে, ষড়যন্ত্রের মুখে বুদ্ধিবৃত্তিকভাবে এগিয়ে যেতে হবে। জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে। অশালীন বিতর্কে জড়িয়ে পড়লে তা হবে অনভিপ্রেত।

তিনি প্রশ্ন তোলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার আইনি বৈধতা এই সরকারের আছে কি না? শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। আমলা কিনে নির্বাচন পরিচালনার চেষ্টা জনগণ আর মানবে না। সরকার বারবার জনগণকে প্রতারিত করছে। গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তরুণরাই আপনাদের মুক্তি এনেছে। তাদের বিরুদ্ধে দলকে ব্যবহার করবেন না।

গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমানের সভাপতিত্বে ও প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাসেম মাসুদ, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক ও লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত