সাদা পাথর রক্ষায় ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ও দেশের পর্যটন খাত ধ্বংসের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।  মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে তারা অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে;  পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়ন করতে হবে; পাথরখেকোদের সঙ্গে প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সিলেটের সাদা পাথর এলাকায় এখন শুধু  “সাদা” আছে, পাথর নেই। এখানকার সব পাথর পাথরখেকোরা খেয়ে জায়গাটিকে মরুভূমিতে পরিণত করেছে। পরিবেশ উপদেষ্টা বলছেন, তিনি এটা আটকাতে পারছেন না। প্রশ্ন হলো-তাদের কী এত ক্ষমতা যে প্রশাসনের সামনেই সব পাথর খেয়ে ফেলছে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা দ্রুত তাদের আটকান, উপযুক্ত ব্যবস্থা নিন এবং পর্যটন কেন্দ্রকে রক্ষা করুন।

শিক্ষার্থী রুবেল আহমেদ রাহী বলেন, কিছুদিন আগেও পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান সিলেট থেকে ঘুরে এসে বলেছিলেন, আর পাথর উত্তোলন হবে না। কিন্তু দেখা যাচ্ছে, প্রশাসনের নাকের ডগা থেকে দিনের আলোতেই পাথর নিয়ে যাওয়া হচ্ছে। এসব দেখেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত