এক সেন্টিমিটারেই লাখ ডলারের হাসি, রেকর্ড বোনাসে মিলিয়নিয়ার ডুপ্লান্টিস

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম

হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে আবারও ইতিহাস গড়লেন পোল ভল্টের আকাশচারী আর্মান্ড ডুপ্লান্টিস। মঙ্গলবার রাতে ২৫ বছর বয়সী সুইডিশ তারকা ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন ১৩তমবারের মতো— আর এ বছরই তৃতীয়বার।

বুদাপেস্টে আসা এই সাফল্য তার পরিচিত ধারা মেনে— জুনে স্টকহোম ডায়মন্ড লিগে গড়া ৬.২৮ মিটারের রেকর্ডের চেয়ে ঠিক এক সেন্টিমিটার বেশি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পোল্যান্ডে ৬.১৭ মিটার অতিক্রম করে ফরাসি রেনো ল্যাভিলেনির ছয় বছরের পুরনো রেকর্ড ভেঙেছিলেন তিনি। তারপর থেকে প্রায় নিয়মিতই নিজের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন।

হাঙ্গেরিতে ৬.১১ মিটারে প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বার বাড়িয়ে নেন নতুন রেকর্ডের চ্যালেঞ্জ। দ্বিতীয় প্রচেষ্টায় সামান্য বার কেঁপে উঠলেও সেটি পেরিয়ে যান সফলভাবে। এরপর সরাসরি দৌড়ে গিয়ে দর্শকসারিতে পরিবার ও সঙ্গী ডিজায়ার ইংল্যান্ডারের সঙ্গে উদযাপন করেন এই তারকা।

তার এই সাফল্যের পেছনে আছে বুদ্ধিমত্তারও ছোঁয়া। বিশ্ব অ্যাথলেটিকসের মনোনীত প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়লেই মেলে ১ লাখ ডলার (প্রায় £৭৪,০০০) বোনাস, তবে শর্ত— প্রতিযোগিতায় একবারই। তাই ডুপ্লান্টিস একবারে বড় উচ্চতা না নিয়ে মাত্র ১ সেন্টিমিটার করে রেকর্ড বাড়ান, যাতে বেশি সংখ্যক প্রতিযোগিতায় আলাদা বোনাস পান। শুধু এই বোনাস থেকেই তার আয় পেরিয়েছে ১ মিলিয়ন পাউন্ড। 

রেকর্ড দাড়ালো ৬.২৯ সেন্টিমিটার

শুধু তাই নয়, প্রতিটি রেকর্ডের সঙ্গে স্পনসর পুমা ও রেড বুল থেকেও আসে বাড়তি অর্থ। মঙ্গলবারের রেকর্ডের পর পুমা মজার ছলে লিখেছে— 'দয়া করে আমাদের একটু বিশ্রাম দিন'। রেড বুলও লিখেছে— 'প্রতিবার রেকর্ড ভাঙলেই ইতিহাসের বই ১ সেন্টিমিটার মোটা হচ্ছে'।

২০২৩ সালের আগস্ট থেকে টানা ৩৬টি প্রতিযোগিতা জিতেছেন ডুপ্লান্টিস এবং গত গ্রীষ্মে প্যারিস অলিম্পিকে নিজের স্বর্ণপদকও ধরে রেখেছেন। শনিবার পোল্যান্ডের সিলেশিয়া ডায়মন্ড লিগে প্রতিদ্বন্দ্বিতা করবেন— যেখানে গত বছরও বিশ্বরেকর্ড করেছিলেন। আর আগামী মাসে টোকিওতে নামবেন লক্ষ্য নিয়ে— ২০২৫ সালের চতুর্থ ও ক্যারিয়ারের ১৪তম বিশ্বরেকর্ড এবং সের্গেই বুবকার পর প্রথম অ্যাথলেট হিসেবে টানা তিনবার বিশ্ব আউটডোর পোল ভল্ট শিরোপা জেতার।

১৯৮৪ থেকে ১৯৯৪ সালের মধ্যে ইউক্রেনের কিংবদন্তি বুবকা আউটডোর বিশ্বরেকর্ড ভেঙেছিলেন ১৭ বার, ইনডোরে ১৮ বার। ডুপ্লান্টিসের রেকর্ডযাত্রা সেই ঐতিহাসিক ধারাকেই নতুন মাত্রা দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত