এক যুগ পর বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলীকে বদলি

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

নানা অনিয়মের অভিযোগ ওঠা বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভীকে এক যুগ পর ঝালকাঠি পৌরসভায় বদলি করা হয়েছে। অন্যদিকে একই আদেশে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলমকে বাগেরহাট পৌরসভায় বদলি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়। আগামী ২০ আগস্টের মধ্যে ওই দুই কর্মকর্তাকে বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী মেয়র খান হাবিবুর রহমানের ক্ষমতার প্রভাবে টি এম রেজাউল হক রিজভীর বিরুদ্ধে নাগরিকদের সুপেয় পানির সমস্যার সমাধান না করা, পৌরসভার রাস্তাঘাটসহ নানা উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ ছিল। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুঁসে উঠে মানববন্ধন, ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী এই প্রতিবেদককে বলেন, ২০১২ সালের ডিসেম্বরে পৌরসভায় যোগদান করি। সেই থেকে এই পৌরসভায় কর্মরত ছিলাম। আমি নিয়ম মেনে পৌরসভায় কাজ করেছি।

পৌরসভার কোন অনিয়মের সাথে জড়িত নন দাবি করে তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ আমাকে ঝালকাঠিতে বদলি করেছে। আমি শিগগির নতুন কর্মস্থলে যোগদান করব।

বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির নেতা মাহবুবুল আলম কাজল বলেন, বাগেরহাট পৌরসভা প্রথম শ্রেণির একটি পৌরসভা। পৌরবাসী পৌরকর দিয়েও গত ১৫ বছরের বেশি সময় ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। সুপেয় পানির তীব্র সংকট রয়েছে, রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বিগতদিনে কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মানুষ সম্মিলিতভাবে আন্দোলনে নেমেছে। সম্প্রতি কিছু উন্নয়ন কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত একজন প্রকৌশলীকে বদলি করায় আমরা খুশি হয়েছি।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বৃহস্পতিবার দুপুরে বলেন, সহকারী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভীকে ঝালকাঠি পৌরসভায় এবং ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলমকে বাগেরহাট পৌরসভায় বদলি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে ওই দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা যোগদান না করলে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত