‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (১৫ আগস্ট) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। তথ্য অধিদপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সমাজের শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিকে রক্ষায় সবার সচেতন থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ন্যায়, মানবপ্রেম ও শান্তির বার্তা বহন করে। তিনি সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে শুভশক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতির মূল ভিত্তি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সম্মান বজায় রেখে ধর্ম পালন করে আসছে। শ্রীকৃষ্ণের শিক্ষা সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন।
শেষে তিনি সকলের সমন্বিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ার ডাক দেন।
