কুমিল্লায় মোবাইল চুরির অভিযোগে ২ তরুণকে গাছে বেঁধে মারধর

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই তরুণকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, দুই তরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং একাধিক ব্যক্তি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, লাইসেন্সপ্রাপ্ত চোর, সকলে এদের দুইজন থেকে সাবধান থাকবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামের বড় ফিশারি এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার তরুণেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার রৌশনের ছেলে বাদশা মিয়া এবং জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান।

স্থানীয়রা জানান, একই দিন ভোরে প্রবাসফেরত শিমুলের ঘর থেকে দুটি মোবাইল চুরি হয়। বিকালে ওই দুই তরুণ মোবাইল বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসলে শিমুল তাদের চোর সন্দেহে আটক করেন। পরে গাছে বেঁধে মারধর করা হয়।

শিমুলের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মোবাইল চুরির কথা স্বীকার করেন এবং চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত দেন। এরপর তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তবে এর পরদিন (১৪ আগস্ট) ওই দুই তরুণ তার (শিমুলের) ওপর হামলা চালান বলেও অভিযোগ করেন শিমুল। স্থানীয়দের সহায়তায় তিনি বাড়ি ফেরেন বলে জানান।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত