রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি (ডিটেইল্ড প্রজেক্ট প্রপোজাল) একনেক সভায় অনুমোদনের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা গণঅনশন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এ কর্মসূচি শুরু হয়।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও এ আন্দোলনে সংহতি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য-সচিব সাইফ মুস্তাফিজ, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ ও শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি অনশনকারীদের সমর্থন দিয়েছে।
শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহজাদপুর থেকে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করলে আমরা কঠোরভাবে প্রতিবাদ করব। কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন যোগ করেন, বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। একনেক সভায় ডিপিপি অনুমোদন চাই।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, নয় বছর ধরে এ বিশ্ববিদ্যালয় অবহেলিত। ডিপিপি অনুমোদন না হলে আন্দোলন তীব্র হবে। তিনি আরও বলেন, একনেক সভায় ডিপিপি পাস না হলে আমাদের আন্দোলন চলবে। দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্টদের।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আর প্রহসন দেখতে চাই না। ডিপিপি পূর্ণ অনুমোদন চাই। আন্দোলন চলবে যতদিন না এ দাবি পূরণ হয়।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘বিশ্ববিদ্যালয় দিবস’ বয়কট করে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
