চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিতকরণ বা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না।
রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। এর আগে দুপুর দেড়টায় ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। ওই সময় ভবনে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা ‘আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে’, ‘চবির একশন, ডাইরেক্ট একশন’, ‘আবাসন আমার অধিকার, রুখে দেয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সিট সংকট ও আবাসন সমস্যায় ভুগছেন। ২৪ গণঅভ্যুত্থানের পর প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও কোনো অগ্রগতি হয়নি। তাদের দাবি, প্রত্যেক শিক্ষার্থীকে হলে আবাসন বা সমপরিমাণ ভাতা দেওয়া হোক।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, প্রশাসন চাইলে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু তারা শুধু আশ্বাস দেয়, বাস্তবায়ন করে না। আবাসন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা ফিরব না।
ভূগোল বিভাগের শিক্ষার্থী কাজী আসমানি বিনতে তাজবী বলেন, আবেদন করেও সিট পাচ্ছি না। আসন বরাদ্দে দুর্নীতি হচ্ছে। অনেকে একা পুরো রুমে থাকে, আবার রাজনৈতিক প্রভাবে সিট পায়। স্বচ্ছতা নেই।
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কোনো আল্টিমেটাম না দিয়েই তালা দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করব।
