চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দিনে দুই অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে একটি যুবকের (৪০) আরেকটি নারীর (৪০)। ওই নারীর লাশ উদ্ধার করা হয় সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আমিন সওদাগরের পুকুরে।
এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার সমুদ্র উপকূলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে কুমিরা নৌ পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আমিন সওদাগরের পুকুরে সকাল সাতটার দিকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই নূর হোসেন বলেন, পুকুরে অজ্ঞাত নারীর লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারী দুই থেকে তিন দিন আগে মারা যান। লাশের পাশে একটি থলে পাওয়া যায়। সেখানে একটি ৫০ টাকার নোট ও ৫ টাকার একটি পয়সা এবং কয়েকটি কাপড় ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালীউদ্দিন আকবর।
