বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয় এবং এতে সংস্কারের কোনো সুযোগ নেই। তিনি পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবিকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে বলেন, ইসলাম রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি নির্বাচনের নির্দেশ দেয়, দল বা প্রতীক নয়।
সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
আশরাফুল হক বলেন, কিছু ইসলামী দলসহ কয়েকটি গোষ্ঠী পিআর পদ্ধতির দাবি করছে, যা বিদেশি ষড়যন্ত্রের অংশ। তাঁর মতে, এই পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন ও সরকারকে দুর্বল করে বিদেশিদের অনুগত বানানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি বিদেশি ফরমায়েশি একটি কৌশল, যা পতিত ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। তাঁর দাবি, আসনভিত্তিক নির্বাচনে আওয়ামী লীগের একক বিজয়ের সম্ভাবনা কমলেও আনুপাতিক পদ্ধতিতে তারা আসন পেতে পারে, যা জনগণ কখনই মেনে নেবে না।
আশরাফুল হক সতর্ক করে বলেন, যারা পিআর পদ্ধতির দাবি করছেন, তারা সুষ্ঠু নির্বাচনে জামানত পর্যন্ত হারাবেন।
