নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা কালনা-যশোর মহাসড়কের কালনা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ফাতেমা বেগম উপজেলার চর-কালনা গ্রামের তকদির মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২ টার দিকে ফাতেমা বেগম নামে ওই নারী কালনা-যশোর মহাসড়কের চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কালনা থেকে লোহাগড়া গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ফাতেমা বেগম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে তুলরামপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়। 

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত