লিটন-মিরাজদের শটের দূরত্ব ৫-৬ মিটার বাড়াতে চান উড, জানালেন জাকের

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

এশিয়া কাপ ও তার আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজকে কেন্দ্র করে ঘোষিত প্রাথমিক স্কোয়াড অনুশীলন করছে অনেকদিন ধরেই। প্রথমে ফিটনেস পর্ব পেরিয়ে গত ১৫ আগস্ট থেকে ক্রিকেটাররা মনোযোগ দিয়েছেন স্কিল ঝালাইয়ে। এরই মধ্যে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে জাতীয় দলের ক্রিকেটাররা শিখেছেন ছ্ক্কা হাঁকানোর কৌশল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জাকের আলী অনিক।

সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ করছে। কীভাবে স্কিলগুলো আরও শানিয়ে নেওয়া যায়। বিশেষ করে যারা টাইমার (বল টাইমিং করায় পারদর্শী) তাদের হিটিংয়ে আরও দুই-তিন মিটার ডিসট্যান্স দেওয়া যায়, সে চেষ্টা চলছে।’

উডের ক্লাসের পর কেমন পরিবর্তন এসেছে জানতে চাইলে জাকের বলেন, ‘পরিবর্তনগুলো আসলে ম্যাচ ছাড়া বোঝা যাবে না। মাত্র দুই-তিন দিন ক্লাস হয়েছে। আর মূলত স্কিল নিয়ে কাজ হয়েছে। এতো তাড়াতাড়ি মনে হয় না কমেন্ট করাটা ঠিক হবে আসলে। কী উন্নতি হলো, হলো না। আমার মনে হয় আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে ওগুলো আমরা করার চেষ্টা করছি। সুইং প্র্যাকটিস এবং ড্রিলগুলো অবশ্যই আমাদের কাজে আসবে।’

এ মাসের শেষে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু করবে বাংলাদেশ। তার পর উড়াল দেবে আরব আমিরাতে। সেপ্টেম্বরে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন জাকেররা।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত