হান্ড্রেডে হ্যাটট্রিক করে ইংল্যান্ডে ডাক পাওয়া উদযাপন সনি বেকারের

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম

ওল্ড ট্র্যাফোর্ডে দ্য হান্ড্রেডে দারুণ এক পারফরম্যান্স উপহার দিলেন ইংল্যান্ডের নতুন গতির সেনসেশন সনি বেকার। রবিবার নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ৯০ মাইল বেগের তরুণ পেসার।

ম্যানচেস্টার অরিজিনালস প্রথমে ব্যাট করে ১৭১-৩ রান তোলে। জবাবে ব্যাট হাতে নামা সুপারচার্জার্স ১১৪ রানে অলআউট হয়ে যায়।

শুরুর আঘাত দেন জশ টাং, যিনি জ্যাক ক্রলি (১৬) ও মাইকেল পেপারকে (০) ফিরিয়ে দেন। এরপর অধিনায়ক হ্যারি ব্রুক (১১) ও ড্যান লরেন্সকে (১) আউট করেন রাচিন রবীন্দ্র ও নূর আহমেদ। ৩১ বল শেষে অতিথিদের স্কোর দাঁড়ায় ৪২-৪।

এরপর বল হাতে আক্রমণে আসেন সনি বেকার। নিজের প্রথম শিকার বানান ডেভিড মালানকে (১৯)। এরপর ইনিংসের শেষ দিকে টম লজ (৪) ও জ্যাকব ডাফিকে (০) টানা বলে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। বেকার শেষ করেন ৩-২১ বোলিং ফিগার নিয়ে। টাংও সমানভাবে কার্যকর ছিলেন, তিনিও নেন ৩ উইকেট ২১ রানে।

বেকার দ্য হান্ড্রেডে মাত্র চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন। এর আগে স্যাম কারেন (২০২৪), টাইমাল মিলস (২০২৩) ও ইমরান তাহির (২০২১) এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

এই দুর্দান্ত কীর্তির মাত্র দুই দিন আগেই বেকার প্রথমবারের মতো ইংল্যান্ডের সিনিয়র দলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজের জন্য। এর আগে ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত