লড়াই শুরুর আগে শাহরুখের পোজে মার্শ-বাভুমা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ। তার আগে আনুষ্ঠানিক ফটোশ্যুটে চমকে দিলেন দুই দলের দুই অধিনায়ক টেম্বা বাভুমা এবং মিচেল মার্শ। বলিউডের মহাতারকা শাহরুখ খানের সিগনেচার ভঙ্গিতে দুজনকে পোজ দিতে দেখা গেল, যা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শাহরুখ শুধু সিনেমার পর্দাতেই নয়, ক্রিকেটের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক হিসেবে আইপিএলে তার নিয়মিত উপস্থিতি আছে। এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে তার দল। সিনেমার মতো স্টেডিয়ামের গ্যালারিতেও তার উচ্ছ্বাস, উদযাপন আর দুই হাত প্রসারিত করা বিখ্যাত ভঙ্গিমা বিশ্বজুড়ে ভক্তদের কাছে আলোচনার বিষয়বস্তু।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুষ্ঠিত একটি ফটোশুটে সেই ভঙ্গিমাকেই স্মরণীয়ভাবে নকল করলেন বাভুমা এবং মার্শ। তারা সিরিজের ট্রফি ও জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলতে গিয়ে শাহরুখের জনপ্রিয় ভঙ্গিমায় দুই হাত প্রসারিত করে পোজ দেন। তাদের এই ভঙ্গিমা যেন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে ভিন্ন মাত্রা যোগ করল। ছবিটি কি নজরে আসবে শাহরুখের?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত